প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:০০ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৪:০৫ পিএম

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। বিদায়ী কোচ দিদিয়ে দেশমের স্থলাভিষিক্ত হয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ৫৪ বছর বয়সী জিদান। নিজেও একাধিকবার ফ্রান্সের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আর কোনো ক্লাব বা জাতীয় দলের কোচিং করাননি জিদান। তবে কোচ হিসেবে তাঁর সাফল্য ফুটবল বিশ্বে অনন্য। রিয়াল মাদ্রিদকে টানা তিন মৌসুমে (২০১৬, ২০১৭ ও ২০১৮) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়ে আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
অন্যদিকে, ২০১২ সাল থেকে টানা ১৪ বছর ফ্রান্সের দায়িত্বে থাকা দিদিয়ে দেশম ২০২৬ বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়েন। তাঁর অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স, ২০২২ সালে রানার্সআপ হয় এবং ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলেছিল। তবে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফরাসিরা।
খেলোয়াড় হিসেবে জিদানের অবদান ফরাসি ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি। এরপর ২০০০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং একই বছর জেতেন ব্যালন ডি’অর। জাতীয় দলের হয়ে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই কিংবদন্তির ২০০৬ বিশ্বকাপ ফাইনালে প্যানেনকা পেনাল্টি এবং ইতালির মার্কো মাতেরাজ্জিকে হেড করে লাল কার্ড দেখার ঘটনাও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়।
ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিদানের প্রথম পরীক্ষা শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। নেশন্স লিগে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর যাত্রা শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। আর ২ অক্টোবর স্টাদ দ্য ফ্রান্সে ইতালির বিপক্ষে ম্যাচে ঘরের মাঠে প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হিসেবে দর্শকদের সামনে দাঁড়াবেন জিনেদিন জিদান।
জ/শা