প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:০১ পিএম

দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলের জার্সিতে আর না খেলার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই তিনি নিশ্চিত করেন, ব্রাজিলের জার্সিতে তার পথচলার সমাপ্তি ঘটেছে।
নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। এখানে আমি ইতিহাস গড়েছি, অসংখ্য স্মরণীয় মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। তবে এখন আর চালিয়ে যেতে চাই না।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি নেইমার। শেষ বাঁশি বাজার পর আবেগাপ্লুত হয়ে মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই ম্যাচটিই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।
মাত্র ১৮ বছর বয়সে, ২০১০ সালে ব্রাজিলের জাতীয় দলে অভিষেক হয় নেইমারের। এরপর ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নেন তিনি। তবে ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ক্যারিয়ারেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার।
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষো নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
এদিকে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি বিতর্কিত প্রতিবেদনেরও জবাব দিয়েছেন নেইমার। সেখানে দাবি করা হয়েছিল, চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ড্রয়ের পর তিনি তরুণ সতীর্থ গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসকে অপমান করেছিলেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নেইমার বলেন, তিনি শুধু দলের আরও ভালো খেলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন, যা অধিনায়ক হিসেবে তার দায়িত্বেরই অংশ।
জ/শা