প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২:০৭ পিএম

রাজধানীতে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরাহ মেলা-২০২৬’। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত। আয়োজনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ।
তিনি বলেন, হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সঠিক তথ্য, বিভিন্ন প্যাকেজ এবং সংশ্লিষ্ট সেবা সম্পর্কে ধারণা দিতে এবারের মেলায় হজ এজেন্সি, ব্যাংক ও বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের ১৫০টিরও বেশি স্টল থাকবে।
ব্রিফিংয়ে ফরিদ আহমেদ অভিযোগ করেন, লাইসেন্সবিহীন হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হলেও এখনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। এ কারণে প্রতারণা এড়াতে হজযাত্রীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
হাবের মহাসচিব আরও অভিযোগ করেন, পতিত স্বৈরাচার সরকারের মনোনীত কিছু এজেন্সি সরকারি হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। তবে কোনো ধরনের সিন্ডিকেটকে হাব সমর্থন করে না বলেও তিনি উল্লেখ করেন।
জ/উ