ড্রেসিংরুমে সতীর্থদের তিরস্কারের অভিযোগে নতুন বিতর্কে নেইমার
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম

শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর আবারও বিতর্কের কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ম্যাচ শেষে সান্তোসের ড্রেসিংরুমে দুই তরুণ সতীর্থকে কড়া ভাষায় তিরস্কার করেছেন তিনি। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নেইমার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও’গ্লোবো-এর প্রতিবেদনে বলা হয়, শনিবারের ম্যাচে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোল এবং গ্যাব্রিয়েল বন্তেম্পোর পারফরম্যান্সে ক্ষুব্ধ হন নেইমার। অভিযোগ রয়েছে, তিনি ড্রেসিংরুমে বন্তেম্পোকে নিয়ে কটূক্তি করেন এবং আনানিয়াসের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি বন্তেম্পোকে বিদ্রূপ করে মন্তব্যও করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পরদিন মূল দলের অনুশীলন শুরুর আগে পেলে ট্রেনিং সেন্টারে উপস্থিত হলেও কোচিং স্টাফকে কিছু না জানিয়েই সেখান থেকে চলে যান নেইমার। বিষয়টি ক্লাবের ভেতরে অস্বস্তির সৃষ্টি করে।

গণমাধ্যমের খবরে আরও বলা হয়, ড্রেসিংরুমের ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করতে রোববার ট্রেনিং সেন্টারে উপস্থিত হন ক্লাবের কয়েকজন পরিচালক। তবে নেইমার সেখানে অল্প সময় অবস্থান করেন।

অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, যিনি এসব কথা ছড়িয়েছেন, তাকে বলছি দয়া করে মিথ্যা বলবেন না। চাইলে দলের যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করতে পারেন। আমরা পুরো দলকে নিয়েই আলোচনা করেছি।

তিনি আরও বলেন, আমি, লুকাস, আরাও, গাবি, ব্রাজাও আমরা সবাই একসঙ্গে নিজেদের আরও উন্নতি নিয়ে কথা বলেছি। আমরা জিততে চাই, সফল হতে চাই। কিন্তু কোনো তরুণ খেলোয়াড়কে আলাদা করে অপমান করা বা ধমক দেওয়ার ঘটনা ঘটেনি। এসব মিথ্যা অভিযোগ আমি মেনে নেব না।

উল্লেখ্য, সান্তোসে ফেরার পর নেইমারকে ঘিরে এটি প্রথম বিতর্ক নয়। গত মে মাসে সতীর্থ রবসনের সঙ্গে মাঠে সংঘর্ষের ঘটনায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। এছাড়া বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ এবং ম্যাচ চলাকালে সতীর্থদের প্রতি তার আচরণ নিয়েও এর আগে আলোচনা-সমালোচনা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   নেইমার জুনিয়র   সান্তোস   বিতর্ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft