প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল।
আজ বুধবার (২৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের রক্তঝরা আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান গড়ে ওঠে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া প্রতিবাদে অসংখ্য ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের প্রত্যাশা ছিল বাক্-স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং নিরাপদে চলাচলের নিশ্চয়তা। এসব অধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলেছে, যার ধারাবাহিকতায় ছাত্র-জনতা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের গণজাগরণ সৃষ্টি হয়।
রিজভীর ভাষ্য, জুলাই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। ওই দিন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের অবসান হয়। তাই জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কে একটি ধারাবাহিক সংগ্রাম ও রক্তঝরা গণঅভ্যুত্থানের অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি জানান, গত বছরের মতো এবারও বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জ/উ