
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্টিক রসায়ন নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী সাবিলা নূর। তার ভাষ্য, শাকিবের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে কোনো ধরনের অস্বস্তি হয়নি; বরং সহশিল্পী হিসেবে তিনি এমন একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছিলেন, যা অভিনয়কে আরও সহজ ও স্বাভাবিক করে তুলেছিল।
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পেয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা এবং পর্দার রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
সাবিলা বলেন, ক্যামেরা রোল হওয়ার পর উনি আর শাকিব খান থাকেন না, আমিও সাবিলা নূর থাকি না। তখন উনি আগুন, আমি মীরা। চরিত্রটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কোনো দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি।
তিনি আরও বলেন, উনি আমাকে এমন একটি কমফোর্ট জোন দিয়েছেন, যেখানে খুব স্বাভাবিকভাবেই রোমান্টিক দৃশ্যগুলো করতে পেরেছি।
শুধু সহশিল্পী হিসেবেই নয়, শাকিব খানের পেশাদারিত্বও তাকে মুগ্ধ করেছে বলে জানান সাবিলা। তার মতে, প্রতিটি দৃশ্যের শুটিং শেষে শাকিব নিজের অভিনয় গভীরভাবে পর্যালোচনা করেন এবং কোথায় আরও উন্নতি করা যায়, তা নিয়ে মনোযোগ দেন।
সাবিলার ভাষায়, উনার এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। প্রতিটি শট বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করার চেষ্টা করেন। একজন অভিনেতা হিসেবে এটি আমাকে অনুপ্রাণিত করেছে।
সাক্ষাৎকারে ‘রকস্টার’ সিনেমার মালয়েশিয়া শুটিংয়ের স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, অল্প কয়েক দিনের ব্যবধানে চরিত্রের প্রয়োজনে শাকিব খানের নিজেকে বদলে নেওয়ার সক্ষমতা তাকে বিস্মিত করেছে।
উল্লেখ্য, আজমান রুশো পরিচালিত রকস্টার সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই ও তারিক আনাম খান। সিনেমাটি চলতি বছরের ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
জ/শা