প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম

দেশে কথামালার রাজনীতি থেকে বেরিয়ে এসে এখন কাজভিত্তিক রাজনীতির সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা যায়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার এমন একটি পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, যেখানে অনেক পিছিয়ে পড়া অবস্থা থেকে দেশকে সামনে এগিয়ে নিতে হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই একটি সুস্পষ্ট পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং সেই প্রত্যাশার ভিত্তিতেই জনগণ বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। জনগণের সেই আস্থার প্রতিদান দিতে সরকার যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।
জ/উ