প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম

দলীয় কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে সদর উপজেলা বিএনপি'র মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একই সাথে অ্যাড. তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। দুই সদস্য বিশিষ্ট ওই আংশিক কমিটিকে পনেরো দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সময় বেধে দেয়া হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান ও সদস্যসচিব অ্যাড.আবুল খায়ের কর্তৃক গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আহ্বায়ক কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করতে হবে।
এদিকে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত ঘোষিত কমিটির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিনের সাথে লিরা খানম নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের ছবি, অডিও রেকর্ডসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের তথ্য ভাইরাল হওয়ায় এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। ওই ঘটনার আলোকে সংগত কারন দেখিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
দুই সদস্য বিশিষ্ট সদর উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক অ্যাড. তৌফিকুল ইসলাম বর্তমানে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। সদস্য সচিব ফজলুল কবির দারা সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সাধারন সম্পাদক ছিলেন। সদর উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক অ্যাড. আতৌফিকুল ইসলাম ও সদস্য সচিব ফজলুল কবির দারা জানান সকলের সহযোগিতা নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।