প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম

বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বর্তমানে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এরই মধ্যে এসেছে নতুন সুখবর প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলতে যাচ্ছেন তিনি।
নেপাল প্রিমিয়ার লিগের দল পোখারা অ্যাভেঞ্জার্স সাকিবকে দলে ভেড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
ঘোষণায় ক্লাবটি লিখেছে, বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারের সদস্য।
সাকিবকে দলে ভেড়ানোর ঘোষণা দিতে ব্যতিক্রমী উপস্থাপনার পথ বেছে নেয় পোখারা অ্যাভেঞ্জার্স। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে পাহাড়চূড়ার একটি সিংহাসনে বসানো হয় বাংলাদেশের এই অলরাউন্ডারকে। সিংহাসনের পাশে দেখা যায় শকুনের ভাস্কর্য, আর চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার।
২০২৪ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় নেপাল প্রিমিয়ার লিগ। উদ্বোধনী আসরে শিরোপা জেতে জনকপুর বোল্টস। আর সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন লুম্বিনি লায়নস।
নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের আগে লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে বল হাতে ভালোই ছন্দে রয়েছেন সাকিব। চার ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তবে ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। দুই ইনিংসে তার সংগ্রহ মাত্র ১০ রান।
জ/শা