বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবশেষে মুখ খুললেন এমবাপ্পে
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:২১ পিএম

বিশ্বকাপ থেকে সেমিফাইনালে বিদায় নেওয়ার পর অবশেষে নীরবতা ভাঙলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেছেন, শিরোপা জিততে না পারার কষ্ট থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত এবং পুরো টুর্নামেন্টজুড়ে পাশে থাকা সমর্থকদের প্রতি কৃতজ্ঞ।

২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে ফাইনাল এবং এবার টানা তৃতীয়বারের মতো ফাইনালের খুব কাছে গিয়েও সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। এরপর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন এমবাপ্পে।

তিনি লেখেন, “আপনাদের ধন্যবাদ। আবেগে ভরা একটি মাসে আমরা আমাদের সামর্থ্যের শেষ সীমা পর্যন্ত লড়েছি। ফ্রান্সের জার্সি গায়ে খেলতে পারা সবসময়ই গর্বের। মাঠে এবং গ্যালারিতে আপনাদের সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে।”

বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপও লুকাননি ফরাসি অধিনায়ক।

তার ভাষায়, “আমরা দলগতভাবে শিরোপা জিততে পারিনি। এটি খুবই বেদনাদায়ক এবং এই কষ্ট আরও কিছুদিন থাকবে। হয়তো আপনারা আমাদের আরও ভালো সমাপ্তি দেখতে চেয়েছিলেন। কিন্তু আমরা সবসময় ফলাফল নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা কেবল আমাদের সর্বোচ্চটা দিতে পারি, আর সেটাই করেছি।”

গোল্ডেন বুট জিতেও কৃতিত্ব দিলেন দলকে পুরো টুর্নামেন্টে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জিতেছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। তবে এই অর্জনের কৃতিত্ব তিনি একা নিতে চাননি।

তিনি বলেন, “এই পুরস্কার শুধু আমার নয়, পুরো দলের। সতীর্থদের কঠোর পরিশ্রম, দারুণ মুভমেন্ট, নিখুঁত পাস এবং প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত দলীয় ঐক্য না থাকলে এত গোল করা সম্ভব হতো না।”

তৃতীয় বিশ্বকাপ খেলেও গর্বিত শৈশবের স্বপ্ন পূরণের কথাও স্মরণ করেন এমবাপ্পে।

তিনি বলেন, “ছোটবেলায় অন্তত একটি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতাম। এখন আমি তিনটি বিশ্বকাপ খেলেছি, একটি জিতেছি এবং এবার অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। এই স্মৃতি কখনো ভুলব না।”

সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা সময় অঞ্চলের পার্থক্যের কারণে গভীর রাত জেগে খেলা দেখার জন্য ফরাসি সমর্থকদের ধন্যবাদ জানান এমবাপ্পে।

তিনি বলেন, “আপনারা ঘরে, ক্যাফেতে, পরিবার ও বন্ধুদের সঙ্গে কিংবা স্টেডিয়ামে পতাকা হাতে আমাদের সমর্থন করেছেন। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষ একই আবেগে একত্রিত হয়েছেন। সবচেয়ে কঠিন সময়েও আপনারা আমাদের ছেড়ে যাননি।”

বার্তার শেষে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ফরাসি অধিনায়ক।

তিনি লেখেন, “বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। সামনে আরও ম্যাচ, আরও নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা আবার ফিরব, একই আবেগ আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।”

জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft