রাণীশংকৈলে আনারস চাষে নতুন সম্ভাবনা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:১৫ পিএম

বাঁশবাগানের পতিত জমিতে সাধারণত আগাছাই জন্মায়। কিন্তু সেই অনাবাদি জমিকেই কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে আনারস চাষ করে সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষক উমের আলী। তাঁর বাগানে এখন সারি সারি আনারস গাছে ঝুলছে সবুজ ও পাকা ফল।

প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ তাঁর বাগান দেখতে আসছেন। অনেকেই আনারস চাষের কৌশল জানতে আগ্রহ প্রকাশ করছেন। উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের বাসিন্দা উমের আলী নিজের বাঁশবাগানের প্রায় ১ বিঘা পতিত জমিতে আনারসের চারা রোপণ করেন। পরিচর্যা ও পরিশ্রমে সেই জমিই আজ পরিণত হয়েছে সম্ভাবনাময় একটি ফলের বাগানে।

ইতোমধ্যে গাছে ফল এসেছে, অনেক আনারস পাকতেও শুরু করেছে। স্বাদ ও গুণগত মানেও এসব আনারস বেশ ভালো বলে জানান তিনি। কৃষক উমের আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফল ও সবজির চাষ করছি। কয়েক বছর আগে বাড়ির আঙিনায় অল্প পরিসরে আনারস চাষ করে ভালো ফলন পাই। সেই অভিজ্ঞতা থেকেই এবার বাণিজ্যিকভাবে আনারসের আবাদ করেছি। ফলন খুবই ভালো হয়েছে। আশা করছি, এ চাষে ভালো লাভ হবে এবং অন্য কৃষকরাও উৎসাহিত হবেন। 

তিনি আরও বলেন, আগামী বছর থেকে আনারসের পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রিরও পরিকল্পনা রয়েছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে আনারস চাষ সম্প্রসারণ করতে চাই। রাণীশংকৈলে বাণিজ্যিকভাবে আনারস চাষের এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আমার বিশ্বাস।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রাণীশংকৈলে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এক বিঘা জমিতে আনারসের সফল চাষ করেছেন কৃষি উদ্যোক্তা উমের আলী। তার এই উদ্যোগ পুরো উপজেলায় লাভজনক ফল চাষের এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।তিনি আরও বলেন, আমাদের এলাকার মাটি ও আবহাওয়া আনারস চাষের জন্য বেশ উপযোগী। আমরা আশা করছি, উমের আলীর মতো সফল উদ্যোগ দেখে আরও নতুন নতুন কৃষি উদ্যোক্তা এগিয়ে আসবেন এবং উপজেলায় লাভজনক ফল চাষের পরিধি দিন দিন আরও বৃদ্ধি পাবে।

স্থানীয় কৃষকদের মতে, অনাবাদি ও পতিত জমিকে উৎপাদনের আওতায় এনে উমর আলী যে উদ্যোগ নিয়েছেন, তা এলাকায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর এই সাফল্য রাণীশংকৈলে বাণিজ্যিক আনারস চাষের প্রসারে নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে বলে তারা মনে করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft