প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৫:২৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। বৈঠকে বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি জাপানি ভাষায় প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত শিল্প পার্কের আদলে আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতি এবং অন্যান্য অবকাঠামোগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
জ/উ