‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৪৯ পিএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘নগদ’ বিক্রি নিয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে সরকারি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
 
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং নগদের ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে পরিচালিত ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস মডেল বাংলাদেশেও চালু করা হচ্ছে, যাতে ডাকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

আরও পড়ুন : ভারতে পালানোর পথে গ্রেপ্তার ডেভিড ইমন

তিনি আরও বলেন, ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে। পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে এ মডেলে পরিচালনার সুযোগ সৃষ্টি করা হবে, যা একদিকে নাগরিক সেবার পরিধি বাড়াবে, অন্যদিকে নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি করবে। কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হলে ডাক বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

নগদের মুনাফার চেক গ্রহণ শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নগদের মুনাফা সেই অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবা সাধারণ মানুষের কাছে নিরাপদ, সহজ ও সাশ্রয়ী সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও জনবান্ধব করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন : সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন

মন্ত্রী জানান, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের আস্থা রয়েছে। আধুনিক সফটওয়্যার, উন্নত গ্রাহকসেবা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নগদকে আরও প্রতিযোগিতামূলক করার পাশাপাশি দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল ও আর্থিক সেবা পান। চলতি অর্থবছরে নগদ উল্লেখযোগ্য পরিমাণ কর ও রাজস্ব পরিশোধ করেছে, যা রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখছে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, উন্নত নাগরিকসেবা নিশ্চিত করতে রাজস্ব বৃদ্ধি অপরিহার্য। ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারিত্বের ফলে জনগণের আস্থা, সরকারের রাজস্ব এবং ডাক বিভাগের আয় বৃদ্ধি পেয়েছে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন।

আরও পড়ুন : সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে। পরে মন্ত্রী ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলামসহ নগদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft