প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আজ বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর এটি ছিল মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর নিজস্ব অগ্রাধিকার ও সিদ্ধান্তের বিষয়। তবে বাংলাদেশের সরকারপ্রধানকে ভারতে স্বাগত জানাতে ভারত প্রস্তুত এবং সফরটি শিগগিরই বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী।
তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক, সংস্কৃতি, ঐতিহ্য এবং ক্রিকেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা পুনরায় চালুর বিষয়েও কথা হয়েছে, যা দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সহজ করবে বলে তিনি উল্লেখ করেন।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ আমন্ত্রণ গ্রহণ করবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
জ/উ