প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৫৬ পিএম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে পুনরায় কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী একমত পোষণ করেছেন। আজ বুধবার (২৯ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে তারা এ বিষয়ে মতবিনিময় করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, সার্ককে পুনরায় কার্যকর করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়েছে এবং এ ক্ষেত্রে নেপালকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। নেপালের রাষ্ট্রদূত এ বিষয়ে সম্মতি প্রকাশ করেন।
সাক্ষাতে নেপালের সংসদে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের জন্য নেপাল সংসদের স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত স্পিকার। তিনি অচিরেই বাংলাদেশ জাতীয় সংসদেও বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠনের আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে সংসদীয় কূটনীতি জোরদার, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সংসদীয় সফর, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময়সহ আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার শিক্ষা, সংস্কৃতি, যুব, জনগণের যোগাযোগ, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের পথে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে তিনি নির্ধারিত সময়ের মধ্যেই জাতিসংঘের এলডিসি গ্রাজুয়েশন অর্জনে বাংলাদেশ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ