দেশপ্রেম থাকলে দুর্নীতির সুযোগ নেই: বিমানমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম

দেশের প্রতি আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে সততা, নৈতিকতা এবং জনকল্যাণের পথেই মানুষ এগিয়ে যায় একই সাথে প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিতে জড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ রোববার (২৬ জুলাই) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, দেশপ্রেম মানুষের চরিত্র গঠনের অন্যতম ভিত্তি। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের শিক্ষা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমুখী, মানবিক ও সামাজিকভাবে দায়িত্বশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করার দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন : অধিকারের পাশাপাশি দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের

শিক্ষার্থীদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অন্যায়ের সঙ্গে কোনো আপস না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft