ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৭:২১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে এবং কোনো দেশের আধিপত্য মেনে নেবে না। তিনি বলেন, আমরা কারও আধিপত্য মেনে নেব না ভারতেরও না, আমেরিকারও না।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি জবি শাখার উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান এখনও চলমান। তাঁর ভাষায়, এই আন্দোলন ছিল গণতন্ত্র, ভোটাধিকার, সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং দেশের স্বার্থ রক্ষার আন্দোলন। তিনি বলেন, দুটি ভোট সম্পন্ন হলেও গণভোটের রায়ের পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি। এ বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ নদীর পানির ন্যায্য হিস্যা, জাতীয় স্বার্থ এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণে অটল থাকবে। তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো দেশের আধিপত্য গ্রহণ করা হবে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টি নানা ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। তাই সরকারকে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়নই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, মূল্যবোধ এবং সুশাসন নিশ্চিত করাও জরুরি। ভিসি ও শিক্ষক নিয়োগসহ সব প্রশাসনিক কার্যক্রম নিয়মতান্ত্রিক ও স্বচ্ছভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল্লাহ আল আমিন, সংসদ সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মো. নাহিদ ইসলাম   জাতীয় নাগরিক পার্টি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft