প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:১৩ পিএম

বয়সকে হার মানিয়ে সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার কারণে নিয়মিত আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে কঠোর জিম কিংবা কড়া ডায়েট নয়, বরং নিজের বাগানে সবজি চাষ ও নিয়মিত কায়িক পরিশ্রমই তার সুস্থ ও কর্মক্ষম থাকার অন্যতম রহস্য বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, নিয়মিত জিম করার প্রতি তার তেমন আগ্রহ নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের প্রয়োজন হলে কয়েক মাস আগে পিলাটিজ বা অন্যান্য ব্যায়াম করলেও দৈনন্দিন জীবনে তিনি শারীরিক পরিশ্রমকেই বেশি গুরুত্ব দেন।
অভিনেত্রীর ভাষায়, নিজের বাড়ির বাগানে মাটি প্রস্তুত করা, গাছের পরিচর্যা করা এবং প্রয়োজন হলে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও তিনি নিজেই করেন। তার মতে, এ ধরনের কাজ শরীরকে সচল ও কর্মক্ষম রাখতে কার্যকর ভূমিকা রাখে।
জয়া বলেন, “জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে সবাই নিজের মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।”
খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও নিজস্ব বাগানের ফলনকে প্রাধান্য দেন এই অভিনেত্রী। নিজের হাতে উৎপাদিত রাসায়নিকমুক্ত শাকসবজি দিয়ে রান্না করা খাবারই বেশি পছন্দ তার। তবে মাঝেমধ্যে পিৎজা বা বাইরের খাবার খেলেও তা নিয়ে অযথা দুশ্চিন্তা করেন না। জয়ার মতে, সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে পরিমিতভাবে পছন্দের খাবার উপভোগ করাও গুরুত্বপূর্ণ।
এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাগান করা বা মাটির কাজ করা একটি কার্যকর শারীরিক ব্যায়াম। এতে ক্যালোরি ক্ষয়ের পাশাপাশি পেশি শক্তিশালী হয় এবং শারীরিক সহনশীলতা বাড়ে। খোলা পরিবেশে কাজ করার ফলে শরীরে ভিটামিন ‘ডি’-এর ঘাটতি পূরণে সহায়তা করে। পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখে।
জ/উ