
শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড় ও দাঁতের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পেশির কার্যকারিতা বজায় রাখতে এই ভিটামিনের ভূমিকা অপরিসীম। যদিও সূর্যের আলো শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে, তবুও বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এ ভিটামিনের ঘাটতি দেখা যায়। এ ঘাটতি পূরণে খাদ্যতালিকায় নিয়মিত মাশরুম রাখতে পারেন।
পুষ্টিবিদদের মতে, প্রোটিনসমৃদ্ধ মাশরুম ভিটামিন ডি-এর অন্যতম প্রাকৃতিক উৎস। সাম্প্রতিক কয়েকটি গবেষণায় দেখা গেছে, সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মির সংস্পর্শে এলে মাশরুমে ভিটামিন ডি-এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সাধারণভাবে ১০০ গ্রাম মাশরুমে প্রায় ৭ আন্তর্জাতিক একক (আইইউ) ভিটামিন ডি থাকে। তবে সূর্যের আলোয় কিছু সময় রাখলে এই পরিমাণ প্রায় ৭০০ আইইউ পর্যন্ত পৌঁছাতে পারে এবং এক ঘণ্টা পর তা প্রায় ১ হাজার ৩০০ আইইউতে উন্নীত হতে পারে।
ভিটামিন ডি ছাড়াও মাশরুমে রয়েছে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন প্রয়োজনীয় খনিজ উপাদান। এটি কম ক্যালরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। বাজারে বাটন, অয়েস্টারসহ বিভিন্ন ধরনের ভক্ষণযোগ্য মাশরুম সহজেই পাওয়া যায়।
মাশরুম-ব্রকোলি স্টার ফ্রাই
এক টেবিল চামচ অলিভ অয়েলে রসুন কুচি হালকা ভেজে নিন। এরপর ধুয়ে কাটা মাশরুম দিয়ে দুই মিনিট ভাজুন। এতে লবণ, সয়া সস ও আগে থেকে সেদ্ধ করা ব্রকোলি যোগ করে আরও ২-৩ মিনিট রান্না করুন। শেষে গোলমরিচ ছিটিয়ে পরিবেশন করুন।
মাশরুম স্যুপ
মাখনে রসুন কুচির সঙ্গে মাশরুম ভেজে নিন। এরপর পেঁয়াজ, ক্যাপসিকাম, লবণ ও গোলমরিচ দিয়ে সামান্য নেড়ে প্রয়োজনমতো পানি যোগ করুন। সবজি সেদ্ধ হয়ে এলে লেবুর রস ছিটিয়ে নামিয়ে নিন। স্যুপ ঘন করতে চাইলে পানিতে গুলানো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন।
চিলি মাশরুম
অলিভ অয়েল বা মাখনে রসুন ও পেঁয়াজ কুচি ভেজে মাশরুম যোগ করুন। এরপর সয়া সস, চিলি সস ও টমেটো সস মিশিয়ে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিন। লবণ, গোলমরিচ, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে পাঁচ মিনিট রান্না করে গরম গরম পরিবেশন করুন।
বিশেষজ্ঞদের পরামর্শ, সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে নিয়মিত মাশরুম খেলে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে সহায়ক হতে পারে। তবে যাদের ভিটামিন ডি-এর তীব্র ঘাটতি রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করা উচিত।
জ/উ