প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৬:৪৪ পিএম

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশ্বব্যাপী ৩১ জুলাই মুক্তির নির্ধারিত থাকলেও বাংলাদেশে এক দিন আগেই, ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩০ জুলাই থেকে তাদের সব শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এ ছবিতে আগের মতোই স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলোরও প্রত্যাবর্তন ঘটছে। একই সঙ্গে কয়েকটি নতুন চরিত্রও যুক্ত হয়েছে ছবিটিতে।
গল্পে দেখা যাবে, পিটার পার্কারের স্মৃতি সবার মন থেকে মুছে যাওয়ার পর এমজে নতুন জীবনের পথে এগিয়ে গেছে। ‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্দি এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে। এছাড়া নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ডেয়ারডেভিল’-এ অভিনীত ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল বড় পর্দায় ফিরছেন এই সিনেমার মাধ্যমে।
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নতুন এই চলচ্চিত্র। ফলে পিটার পার্কারের জীবনের নতুন অধ্যায় কীভাবে শুরু হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। নির্মাতাদের দাবি, এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা পুরোপুরি ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত। স্ক্রিন-এক্স প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউতে সিনেমা উপভোগ করার সুযোগ পাবেন।
জ/উ