প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৪০ পিএম

বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধি, দূষিত পানি ও খাবারের কারণে হজমজনিত সমস্যা, পেটের সংক্রমণ এবং খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যায়। এ সময় অন্ত্রের সুস্থতা বজায় রাখতে প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রোবায়োটিক হলো এমন উপকারী জীবন্ত অণুজীব, যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে, হজমে সহায়তা করতে এবং রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এগুলো বিভিন্ন খাবার ও সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করা যায়।
বর্ষাকালে খাদ্যতালিকায় যেসব প্রোবায়োটিক খাবার রাখতে পারেন-
টকদই : ঘরে তৈরি টকদইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজমে সহায়তা করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
ঘোল : দই থেকে তৈরি ঘোল সহজপাচ্য এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সহায়ক। অতিরিক্ত লবণ ব্যবহার না করাই ভালো।
কেফির : গাঁজানো দুধ দিয়ে তৈরি এই পানীয়তে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া ও ইস্ট থাকে, যা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।
ইডলি ও দোসা : গাঁজানো ব্যাটার দিয়ে তৈরি হওয়ায় এসব খাবারে উপকারী জীবাণু থাকে। এগুলো হালকা ও সহজপাচ্য।
ফার্মেন্টেড সবজি : স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি ফার্মেন্টেড গাজর, শসাসহ অন্যান্য সবজি অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়ার ভালো উৎস হতে পারে।
প্রোবায়োটিকের পাশাপাশি আঁশসমৃদ্ধ ফল, শাকসবজি, গোটা শস্য ও ডালজাতীয় খাবারও অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও কার্যকারিতা বাড়াতে সহায়তা করে।
এ ছাড়া বর্ষাকালে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান, খাবার প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বাসি বা খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি নিরাপদ খাদ্য গ্রহণই বর্ষায় পেটের সুস্থতা বজায় রাখার অন্যতম উপায়।
জ/উ