প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম

দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সম্প্রতি একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে ব্যক্তিগত ক্যারাভানে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। তার অভিযোগ, শুটিং ইউনিটের এক সহকারী পরিচালক অনুমতি ছাড়াই ক্যারাভানে প্রবেশ করে নিজের বুকে থাকা কাজলের নামের ট্যাটু দেখান। এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং ওই আচরণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাজল আগারওয়াল বলেন, শুটিং শেষে তিনি নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ছবির এক সহকারী পরিচালক দরজায় কড়া না নেড়ে কিংবা অনুমতি না নিয়েই ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি নিজের শার্ট খুলে বুকে আঁকা কাজলের নামের ট্যাটু দেখান।
ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, পুরো পরিস্থিতিতে তিনি এতটাই বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাঁপতে শুরু করে।
কাজল জানান, একজন ভক্ত তার নাম শরীরে ট্যাটু করিয়েছেন-এ বিষয়টি ব্যক্তিগতভাবে সম্মানের মনে হলেও অনুমতি ছাড়া একজন নারীর ব্যক্তিগত কক্ষে প্রবেশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “কেউ যত বড় ভক্তই হোক না কেন, এ ধরনের আচরণ সমর্থনযোগ্য নয়।”
অভিনেত্রী আরও জানান, তিনি ওই ব্যক্তিকে সতর্ক করে বলেন, এমন আচরণের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। পরে তাকে ক্যারাভান থেকে বেরিয়ে যেতে বলা হয়।
২০০৪ সালে হিন্দি চলচ্চিত্র ‘কিউঁ! হো গয়া না’-এ পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় কাজল আগারওয়ালের। তবে ২০০৯ সালে এস এস রাজামৌলির ‘মাগাধীরা’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘ডার্লিং’, ‘বৃন্দাবনম’, ‘মি. পারফেক্ট’, ‘বিজনেসম্যান’, ‘নায়ক’, ‘বাদশাহ’, ‘ইয়েভাদু’ ও ‘টেম্পার’-সহ একাধিক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।
বলিউডেও অজয় দেবগনের বিপরীতে ‘সিংহাম’ এবং ‘স্পেশাল ২৬’-এ অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। তার নতুন সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সূত্র: এনডিটিভি
জ/উ