জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম

জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ ১ মিটার (৩.২৮ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। উপকূলবাসীকে দ্রুত নিরাপদ উচ্চভূমিতে সরে যেতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, নির্ধারিত উচ্চতার কিছু ঢেউ ইতোমধ্যে উপকূলে আঘাত হেনে থাকতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মানবজীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : জেন-জি শিক্ষার্থীদের নিয়ে কঙ্গনার মন্তব্যে বিতর্ক

এদিকে, দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হানা এ ভূমিকম্পের পর দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা বা বড় ধরনের ত্রুটি শনাক্ত হয়নি বলে জানিয়েছে জাপানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুন উত্তর জাপানে ৭.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানলেও তাতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান চারটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে এবং প্যাসিফিক ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। ফলে দেশটিতে প্রতি বছর শত শত ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়। সূত্র: এনডিটিভি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft