প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:১৭ এএম

যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত মেনে চললে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তেহরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি এলে তার জবাবে দৃঢ় অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
গতকাল সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, পারস্পরিক সমঝোতা উভয় পক্ষের দায়বদ্ধতার ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন করলে ইরানও নিজেদের অঙ্গীকার পূরণ করবে।
পোস্টে তিনি অযৌক্তিক অভিযোগ ও হুমকির সমালোচনা করে বলেন, সিদ্ধান্ত গ্রহণে ইরান যুক্তিবোধ ও মানবিক মর্যাদাকে গুরুত্ব দেয়। তবে বাস্তব পরিস্থিতিতে দেশটি দৃঢ় ও স্পষ্ট অবস্থান বজায় রাখবে।
তার এই মন্তব্য এমন সময় এসেছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। একইসঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সম্ভাব্য সমঝোতা নিয়েও আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের বক্তব্যে আলোচনার সুযোগ বজায় রাখার পাশাপাশি জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থানের ইঙ্গিতও রয়েছে।
জ/উ