প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৫১ পিএম

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে পাঁচটি বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার (২৯ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
ডিএমপির নির্দেশনাগুলো হলো-
পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়া : পরীক্ষার্থীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যক্তিগত গাড়ি ব্যবহারে সতর্কতা : যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে আসবে, তাদের কেন্দ্রের সামনে না নেমে কিছুটা দূরে অপেক্ষাকৃত কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। ফেরার সময়ও একই পদ্ধতি অনুসরণের অনুরোধ করা হয়েছে।
কেন্দ্রের আশপাশে পার্কিং নিষেধ : পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
অভিভাবকদের সড়কে অবস্থান না করার অনুরোধ : অভিভাবকদের কেন্দ্রসংলগ্ন সড়কে অবস্থান না করতে বলা হয়েছে। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
সাধারণ যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান : পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়ক জরুরি প্রয়োজন ছাড়া এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আগামী ২ জুলাই সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
জ/উ