ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন ফুটবলার লুকাস ত্রেহো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৫১ এএম

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। টানা ৭৪ ঘণ্টার অনুসন্ধানের পর ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্লায়া গ্রান্দেতে অবস্থিত তাদের অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে। এরপর থেকেই স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং সন্তান অ্যারন ও আইনহোয়ার খোঁজে ছিলেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।

ঘটনার সময় ডিফেন্ডার লুকাস ত্রেহো ক্লাবের লিগ ম্যাচের প্রস্তুতির জন্য রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন জানান তিনি। পরে শনিবার (২৮ জুন) গভীর রাতে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেন।

ত্রেহোর ক্লাব দেপোর্তিভো লা গুয়ারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে শোক প্রকাশ করে জানায়, লুকাস ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং সন্তান অ্যারন ও আইনহোয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরেক ক্লাব মারিতিমো দে লা গুয়ারাও পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রমে সহায়তার জন্য ত্রেহোর বাবা ও ভাই ভেনেজুয়েলায় যান। পরিবারের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগেও সামাজিক মাধ্যমে স্ত্রী ও সন্তানদের ছবি পোস্ট করে তাদের জীবিত উদ্ধারের আশা প্রকাশ করেছিলেন এই ফুটবলার।

এদিকে, ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে ভেনেজুয়াজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, দুর্যোগে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft