বিনিয়োগ প্রতারণা মামলায় ৩০ বছরের কারাদণ্ড চীনা ব্যবসায়ীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:২৩ এএম

অনলাইন অনুসারীদের কাছ থেকে বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সির নামে বিপুল অর্থ সংগ্রহের অভিযোগে চীনা ব্যবসায়ী গুও ওয়েংগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মঙ্গলবার (৩০ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কের একটি ফেডারেল আদালত রায়ে জানায়, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে গুও বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে অনুসারীদের কাছ থেকে ১০০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেন। পরে সেই অর্থ ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করা হয়েছে বলে তদন্তে উঠে আসে।

আদালত তাকে প্রতারণা, অর্থপাচার ও সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত করে। বিচারক আনালিসা টরেস বলেন, গুও তার অনুসারীদের আস্থার সুযোগ নিয়েছেন এবং সংগৃহীত অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ওই অর্থ দিয়ে তিনি বিলাসবহুল প্রাসাদ, ল্যাম্বরগিনি গাড়ি ও ব্যয়বহুল ইয়টসহ বিভিন্ন সম্পদ কিনেছিলেন।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি শন এস. বাকলি বলেন, এই রায় প্রমাণ করে যে খ্যাতি বা সম্পদ কাউকেই আইনের ঊর্ধ্বে রাখে না।

রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে চীনে পরিচিতি পাওয়া গুও ২০১৭ সালে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যান। পরে তিনি চীনের কমিউনিস্ট পার্টির সমালোচক হিসেবে পরিচিতি লাভ করেন এবং অনলাইনে বড় অনুসারী গোষ্ঠী গড়ে তোলেন।

তবে গুও শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, সংগৃহীত অর্থ রাজনৈতিক কর্মকাণ্ড ও সরকারবিরোধী প্রচারণায় ব্যয় করা হয়েছে। আদালত সেই দাবি গ্রহণ করেননি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft