প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৫৯ পিএম

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এ ক্ষেত্রে ওই আসনের ভোটাররা আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন। আজ মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে একই দিন ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। পরে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে বিষয়টি আদালতে গড়ায়। হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখলেও একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে নির্দেশ দেন, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। পরবর্তী শুনানি শেষে মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।
জ/উ