রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, চিহ্নিত ১০৮ হটস্পট
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৫৭ পিএম

রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জলাবদ্ধতাপ্রবণ ১০৮টি হটস্পট চিহ্নিত করে সেখানে স্থায়ী সমাধানের কাজ করছে। এছাড়া ১০টি অঞ্চলে ২১টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিত ড্রেন, পিট ও জলাবদ্ধ এলাকাগুলো পরিষ্কার করছে।

মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডিএনসিসি ১১০ কিলোমিটারের বেশি রাস্তা এবং প্রায় ১০৬ কিলোমিটার নর্দমা নির্মাণ ও উন্নয়ন করেছে। আগামী অর্থবছরে আরও রাস্তা ও নর্দমা উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে নিয়মিত পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে খালের সীমানা নির্ধারণ ও পিলার স্থাপনের মাধ্যমে অবৈধ দখল রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বর্তমানে তিনটি আউটলেটের মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশন করা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল হওয়ায় নতুন দুটি আউটলেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত নতুন বৃহৎ আউটলেট নির্মাণের উদ্যোগও রয়েছে।

মন্ত্রী জানান, দক্ষিণ সিটির ৩৩টি জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করে খাল পরিষ্কার, পুনঃখনন ও ড্রেনেজ উন্নয়ন কার্যক্রম চলছে। এছাড়া দ্রুত পানি অপসারণে ছয়টি পোর্টেবল পাম্প স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft