গণপূর্তের শিল্পনৈপুণ্যে আমূল বদলে যাচ্ছে খুলনার অবকাঠামো
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৫৫ পিএম

বিভাগীয় শহর খুলনায় গণপূর্তের শিল্পনৈপুণ্যে আমূল বদলে যাচ্ছে সব অবকাঠামো। সংস্থাটির একের পর এক জেলার অন্যতম মেগাপ্রকল্প ক্যান্সার হাসপাতালসহ সরকারি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের নান্দনিক অবকাঠামো নির্মাণে বদলে যাচ্ছে শহরের দৃশ্যপট।

গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যানসার রোগীদের অন্যতম প্রধান ভরসা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০২১ সালে হাসপাতাল সংলগ্ন প্রায় ৫ একর জমির ওপর পূর্ণাঙ্গ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ২৮০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ২২টি প্যাকেজে প্রকল্পের আওতায় দুটি বেজমেন্টসহ ১৫ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মূল ভবন নির্মাণের অবকাঠামোগত কাজের ৯৫ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

খুলনা মেডিকেল-সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি চালু হলে ৪৫০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে উঠবে। এর মধ্যে ১৮২টি শয্যা ক্যান্সার রোগীদের জন্য বরাদ্দ থাকবে এবং বাকি শয্যাগুলো হৃদরোগ ও কিডনি রোগের চিকিৎসায় ব্যবহৃত হবে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যান্সার চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ হবে। সর্বাধুনিক পর্যায়ের সেবা মিলবে। মানুষের চিকিৎসা ব্যয়ও কমে আসবে। 

এছাড়া খুলনা গণপূর্ত বিভাগ-১-এর আওতায় খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। প্রায় ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল বর্তমানে হস্তান্তর প্রক্রিয়ায় রয়েছে এবং শিগগিরই উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কোভিড-১৯ প্রকল্পের আওতায় খুলনা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ও ২০টি আইসোলেশন বেড এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ মে ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরনো আইসিইউ ইউনিট-সংলগ্ন একটি স্টোররুমে আগুন লাগে। আগুনে স্টোররুমের বিভিন্ন সরঞ্জাম, কিছু সিলিন্ডার ও ভবনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ওই অংশেই ছিল তিনটি অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ ইউনিট। ফলে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে। গণপূর্ত বিভাগ খুলনা -২ এর মাধ্যমে দ্রুত গতিতে এর সংস্কারকাজ চলছে।

৪র্থ এইচপিএনএসপি প্রকল্পের আওতায় খুলনা সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট নির্মাণ কাজ, যা পূর্বে বন্ধ ছিল, নতুন দরপত্রের মাধ্যমে পুনরায় শুরু হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

অন্যদিকে খুলনা বিভাগীয় তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণে জমি-সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন অগ্রগতি বাধাগ্রস্ত হলেও বর্তমানে তা সমাধান করে দরপত্র আহবানের মাধ্যমে কাজ শুরু হয়েছে। নগরের নূর নগর এলাকায় দুদকের বিভাগীয় কার্যালয় ও রূপসা থানা ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

গণপূর্ত বিভাগ খুলনা-১ এর নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, গণপূর্ত বিভাগ সরকারি অবকাঠামো খাতের প্রকল্পগুলো সিপিএম পদ্ধতির মাধ্যমে গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজস্ব বাজেটের আওতায় এপিপি ও থোক বরাদ্দের কাজ প্রায় শতভাগ ইজিপি এবং এলটিএম পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে, ফলে দীর্ঘদিনের প্রচলিত সিন্ডিকেট ব্যবস্থার অবসান হয়েছে।

কামরুল হাসান উল্লেখ করেন, সংস্থাটির সরকারি জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে কার্যকর অভিযান এবং দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার কারণে একটি বিশেষ সুবিধাভোগীগোষ্ঠী ষড়যন্ত্র কার্যক্রমে লিপ্ত রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft