হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:১৫ পিএম

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌ-ব্যবস্থাপনায় যেকোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং এটি পুনরায় খোলার প্রক্রিয়াকে বিলম্বিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

ইরাকের রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সামুদ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত কোনো বাহ্যিক চাপ বা হস্তক্ষেপের অধীন হতে পারে না। কোনো পক্ষ নতুন কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা কেবল জটিলতাই বাড়াবে।

ইরানের শীর্ষ কূটনীতিক জানান, মার্কিন ও ইসরাইলি আগ্রাসী যুদ্ধের পর এটিই তার প্রথম ইরাক সফর এবং এই সফরটি অত্যন্ত বিশেষ ও সংবেদনশীল প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। তিনি ইরানের ওপর হামলার নিন্দা জানানোর জন্য এবং দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে প্রদর্শিত জোরালো সমর্থনের জন্য ইরাককে ধন্যবাদ জানান। 

আরাগচি তার এই সফরের তিনটি মূল উদ্দেশ্যের কথা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে ইরাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, নতুন ইরাকি সরকারকে অভিনন্দন জানানো এবং পবিত্র নাজাফ, কারবালা, সামাররা ও কাজিমিয়া শহরে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানের সমন্বয় করা।

দ্বিপাক্ষিক রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালি ও লেবানন পরিস্থিতি নিয়ে ইরাকি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন আরাগচি। তিনি জানান, একটি পারস্পরিক বোঝাপড়ার অধীনে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি সংকটপূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং এই ব্যবস্থাপনার পুরো দায়িত্বে থাকবে ইরান। 

এই বিষয়ে অন্য কোনো দেশ বা সংস্থার কোনো কর্তৃত্ব নেই। তিনি আরও উল্লেখ করেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত শক্তি বর্জিত একটি নতুন কাঠামো প্রয়োজন এবং এই লক্ষ্যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর সঙ্গে ইরান ও ইরাককে যুক্ত করে একটি আঞ্চলিক সংলাপের যে প্রস্তাব ইরাক দিয়েছে, তাকে তেহরান স্বাগত জানায়। সূত্র: মেহের নিউজ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft