নেত্রকোণায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, ক্যাপসুল পাবে প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশু
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:২৬ পিএম

দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রোববার সকালে জেলার ২ হাজার ১৭৩টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে দিনব্যাপী ক্যাম্পেইনে শিশুদের বয়সভিত্তিক ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে।
নেত্রকোণার সিভিল সার্জন গোলাম মাওলা জানান, এ বছর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৫৭৫ শিশুকে ১ লাখ আই-ইউ সমৃদ্ধ নীল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৬ হাজার ৬৮৭ শিশুকে ২ লাখ আই-ইউ সমৃদ্ধ লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন সিভিল সার্জন।
জ/দি