প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:৫০ এএম

ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগ কাসার। তিনি কংগ্রেসে উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার কথাও জানিয়েছেন।
টেক্সাস থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, গাজা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডের কারণে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং এ অবস্থায় নতুন করে সামরিক সহায়তা দেওয়া উচিত নয়।
সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। এতে ইসরায়েলকে প্রতি বছর দেওয়া ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিলের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দফতরের অর্থায়ন বিলের আওতায় ইসরায়েলের জন্য নির্ধারিত অর্থও বাতিলের প্রস্তাব রাখা হয়েছে।
জানা গেছে, চলতি সপ্তাহের শেষ দিকে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে ভোটে তোলা হতে পারে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, ইরান-ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কংগ্রেসের ভেতরে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। এই প্রস্তাব সেই বিতর্ককে আরও সামনে নিয়ে আসতে পারে।
জ/উ