ভারতে পালানোর পথে গ্রেপ্তার ডেভিড ইমন
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম

ভারতে পালানোর চেষ্টাকালে তিন সহযোগীসহ চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে যশোর পুলিশ। আজ বুধবার (২৯ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে যশোর ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের নয়টি দল যশোর-ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে যশোরে এসেছিলেন বলে জানিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন : সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা ডেভিড ইমন একসময় সাধারণ জীবনযাপন করলেও পরে আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন। পরবর্তীতে চট্টগ্রাম নগরীতে একাধিক হত্যা ও বিভিন্ন অপরাধে তার নাম উঠে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবিও ছড়িয়ে পড়ে।

পুলিশের দাবি, সাজ্জাদ গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিতি পাওয়ার পর বিদেশে অবস্থান করেও তিনি চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা এবং গুলিবর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি চট্টগ্রামের চকবাজার এলাকায় ডিডিএন নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায়ও ডেভিড ইমনের নাম উঠে আসে। মামলার এজাহার অনুযায়ী, ১১ জুলাই হোয়াটসঅ্যাপে নিজের পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি প্রত্যাখ্যানের দুই দিন পর ১৩ জুলাই ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালিয়ে কম্পিউটার, মোবাইল ফোন, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে।

আরও পড়ুন : ৭.৬২ মিমি গুলি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

মামলায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি অফিস থেকে ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালকের ব্যাগে থাকা প্রায় ৩৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে। হামলার সিসিটিভি ফুটেজেও অস্ত্রধারী একটি দলকে প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর চালাতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানিয়েছিলেন, ডেভিড ইমন ও তার সহযোগীদের গ্রেপ্তারে গোয়েন্দা ও প্রযুক্তিনির্ভর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft