প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৫৭ পিএম

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য ও পোস্টকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের তিন প্রতিনিধি শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন প্রসঙ্গে বিভিন্ন পোস্ট ও বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি এবং আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পরীক্ষা করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জ/উ