প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৩৭ পিএম

মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘আলফা’। আগামী ৩ জুলাই মুক্তি পেতে যাওয়া ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিংয়ের প্রথম দুই দিনেই ছবিটি প্রায় ১ কোটি ৭৫ লাখ রুপির টিকিট বিক্রি করেছে। বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ‘আলফা’ ৫ কোটি রুপির বেশি আয় করতে পারে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া অব্যাহত থাকলে প্রথম সপ্তাহান্তে ছবিটির আয় ১৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘আলফা’ মূলত ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর প্রথম নারীপ্রধান চলচ্চিত্র। বড় বাজেটের এ ছবিতে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল ও অনিল কাপুর। একই দিনে মুক্তি পাচ্ছে হুমা কুরেশি অভিনীত ‘বেবি ডু ডাই ডু’ সিনেমাটিও। একই শুক্রবারে দুই নারীপ্রধান চলচ্চিত্রের মুক্তিকে ইতিবাচকভাবেই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে হুমা কুরেশি বলেন, নারীপ্রধান গল্প ও চলচ্চিত্রের জন্য এখন সময়টি গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, একই দিনে একাধিক ছবি মুক্তি পেলেও ভালো ব্যবসার সুযোগ রয়েছে। তবে বড় বাজেটের ‘আলফা’র তুলনায় তাদের ছবিটি ছোট পরিসরে নির্মিত হওয়ায় দর্শকদের বাড়তি সমর্থনের প্রত্যাশা করছেন তিনি।
বিশ্লেষকদের মতে, দুটি ছবির ধরন ও দর্শক ভিন্ন হওয়ায় একই দিনে মুক্তি পেলেও ‘আলফা’র ব্যবসায়িক সম্ভাবনায় বড় কোনো প্রভাব পড়বে না। সূত্র: এনডিটিভি
জ/উ