সুখরঞ্জন বালী গুম
ট্রাইব্যুনালের গেট থেকে তুলে নেওয়ার অভিযোগে সাবেক এএসপি কারাগারে
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:২৩ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীকে ট্রাইব্যুনালের প্রধান ফটক থেকে তুলে নেওয়ার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডার বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

ডিবির দাবি, ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর ফজলুর রহমান তাঁকে আটক করেন। অভিযোগ অনুযায়ী, প্রথমে তাঁকে শারীরিকভাবে আঘাত করা হয়, পরে শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নেওয়া হয়। তদন্তে এ ঘটনায় ফজলুর রহমান ও তাঁর টিমের সদস্যদের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তাঁকে হাজির করে গুমের মামলায় গ্রেপ্তার দেখানো এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত সংস্থার আবেদনে বলা হয়, সুখরঞ্জন বালীকে ট্রাইব্যুনালের প্রধান ফটক থেকে সাদা পোশাকধারীরা একটি ডাবল কেবিন গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর প্রায় দুই মাস তাঁকে চোখ বেঁধে আটকে রেখে নির্যাতন করা হয় এবং পরে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ডিবির দুটি গাড়িতে করে তাঁকে প্রথমে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।

জানা যায়, ভারতে পাঠানোর পর সুখরঞ্জন বালী পাঁচ বছর দমদম কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। পরে তাঁর ছেলে অপূর্ব বালী আইনি প্রক্রিয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনেন।

উল্লেখ্য, ২০১২ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়ার ঘটনায় দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাঁকে তুলে নেওয়ার অভিযোগ করে আসছিল তাঁর পরিবার। ২০২৪ সালের ২১ আগস্ট সুখরঞ্জন বালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়। মামলাটি বর্তমানে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft