প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৫৪ পিএম আপডেট: ০৫.০৭.২০২৬ ৩:৩১ পিএম

কর নথি অডিটের নামে ভুয়া তথ্য দিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালানো একটি প্রতারক চক্র সম্পর্কে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত কোনো তথ্য কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জানানো হয় না এবং এ বিষয়ে কোনো ধরনের ব্যক্তিগত আর্থিক লেনদেনের সুযোগ নেই। রোববার এনবিআরের এক সতর্কতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, সম্প্রতি কিছু প্রতারক করদাতাদের কর নথি অডিটে পড়েছে বলে দাবি করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতির আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করছে।
লিখিত নোটিশ ছাড়া যোগাযোগ নয়
এনবিআর জানিয়েছে, কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে তা শুধুমাত্র আইনানুগ প্রক্রিয়ায় আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়। কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না।
আর্থিক লেনদেনে সতর্কতা
সংস্থাটি জানায়, কর সংক্রান্ত বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
তথ্য যাচাইয়ের পরামর্শ
সন্দেহজনক ফোনকল, এসএমএস বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর।
আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান
কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে প্রভাবিত হয়ে আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
জ/উ