প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৪৫ পিএম

ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা শহিদুল্লাহ রাসেল (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কারা পুলিশের তত্ত্বাবধানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান। নিহত শহিদুল্লাহ রাসেল কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি খন্দকার বাড়ির আবুল হাসেমের ছেলে।
জানা যায়, গত ১০ মে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড়া এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারা কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জ/উ