নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:৫৫ পিএম

‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি, প্রতিকার করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক একটি অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের রাজেন্দ্রপুরে ব্র্যাকের রিজিওনাল অফিসে এ ডায়লগের আয়োজন করে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. খায়রুল ইসলাম। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। এছাড়া যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহাজাদী, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম এবং নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী বক্তব্য রাখেন।

ডায়লগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং দ্রুত মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার সেলিনা বেগম।

আরও পড়ুন : এক লাখ টাকার ঋণে ১২ লাখ টাকার মামলা: হয়রানির দাবি ভুক্তভোগী পরিবারের

প্রেজেন্টেশনে সহিংসতার শিকার নারী ও কন্যাশিশুদের জন্য সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদার করে দ্রুত প্রতিকার ও সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা জেলার নারী, কিশোরী ও কন্যাশিশুদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মূল্যবোধ চর্চা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের মাধ্যমে সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

বক্তারা আরও বলেন, ডিজিটাল মাধ্যম ব্যবহারের বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার বুলিং ও অনলাইন হয়রানির ঝুঁকিও বেড়েছে। এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ডায়লগে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft