প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম

জাতীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর ক্রীড়া, সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাইবান্ধা সরকারি কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রাহিবুল ইসলাম তামিম।
তামিম রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখযোগ্য এ সাফল্য অর্জন করে। তার এই অর্জনে গাইবান্ধার শিক্ষা অঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মীজ শাহীনা ফেরদৌসী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তামিম গাইবান্ধা শহরের কলেজপাড়া এলাকার মঞ্জরুল ইসলাম ও রেহেনা পারভীন দম্পতির ছোট ছেলে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তামিমের পরিবার জানায়, তার এই অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, অভিভাবকদের উৎসাহ এবং নিজের পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাবিদদের মতে, জাতীয় পর্যায়ে এমন সাফল্য শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং অন্যদেরও উৎসাহিত করে। তামিমের এই অর্জন গাইবান্ধা জেলার জন্য গৌরবের বিষয় বলে তারা মন্তব্য করেন।
জ/দি