স্বল্প খরচে, অল্প সময়ে দ্রুত ন্যায়বিচার: বিয়াঘাটে গ্রাম আদালতে সচেতনতা সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৫৮ পিএম

গ্রামীণ পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১১টায় বিয়াঘাট ইউনিয়ন পরিষদ চত্বরে “অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের গুরুদাসপুর উপজেলা সমন্বয়কারী চৌধুরী মো. আলীউর রহমান। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সাব্বিরসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। আদালতমুখী দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল বিচারপ্রক্রিয়ার বিকল্প হিসেবে গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ বিষয়ে অনেকের মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতা না থাকায় এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে।
বক্তারা আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রেখে বিরোধ নিষ্পত্তি সম্ভব হয়, যা স্থানীয় পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এ কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক প্রচার ও সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। আলোচনা সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রম ও এর উপকারিতা তুলে ধরে একটি সচেতনতামূলক নাটিকার ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের বিচারপ্রক্রিয়া, কার্যপরিধি এবং এর সুফল সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়।
জ/দি