প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৩২ পিএম

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় মদ ভেবে কীটনাশক পান করে রিংকন বড়ুয়া (২৬) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিংকন বড়ুয়া বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬ নম্বর ওয়ার্ডের মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পরিবার।
স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ জানান, বুধবার দিবাগত রাতে বাড়িতে রাখা মদের বোতল ভেবে জমিতে ব্যবহারের কীটনাশক পান করে ফেলেন রিংকন বড়ুয়া। ভুল বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে তা মুখ থেকে ফেলে দেন। এরপরও তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে দ্রুত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ওসি সাকের হোসেন বলেন, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জ/দি