এক লাখ টাকার ঋণে ১২ লাখ টাকার মামলা: হয়রানির দাবি ভুক্তভোগী পরিবারের
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২২ পিএম

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের বাসিন্দা মো. মেনু মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুদের কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তিকে টাকা ধার দেওয়ার সময় জামানত হিসেবে গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্ট্যাম্প এবং খালি ব্যাংক চেক গ্রহণ করেন। পরবর্তীতে এসব নথি ব্যবহার করে অনেককে আর্থিক ও আইনি জটিলতায় ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার কর্মকাণ্ডের কারণে একই গ্রামের সেন্টু মিয়া, আমিনুল বেগমসহ একাধিক ব্যক্তি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অভিযোগ রয়েছে, ঋণের চাপ ও মামলা-সংক্রান্ত হয়রানির কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। কেউ কেউ বাধ্য হয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন বলেও জানান এলাকাবাসী।

ভুক্তভোগীদের একজন বল্লী গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে তানসেন মিয়া জানান, ব্যবসার প্রয়োজনে তিনি মেনু মিয়ার কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। সে সময় নিরাপত্তা জামানত হিসেবে একটি খালি ব্যাংক চেক দিতে বাধ্য হন। পরে সেই চেক ব্যবহার করে তার বিরুদ্ধে খালিয়াজুরী আমলী আদালতে ১২ লাখ টাকার মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তানসেন মিয়া বলেন, “আমি মাত্র এক লাখ টাকা ধার নিয়েছিলাম। কিন্তু এখন ১২ লাখ টাকার মামলার বোঝা বইতে হচ্ছে। একটি খালি চেক দেওয়ার ভুলে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছি।”

তিনি আরও বলেন, মামলার চাপ ও আর্থিক সংকটে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পরিবারের ভরণপোষণ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, সুদের কারবারের মাধ্যমে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক ব্যক্তি সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়েছেন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মেনু মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটনে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft