প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:১৩ পিএম

মানিকগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং পরে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত হাসিবুর রহমান সাকিব (২২) মানিকগঞ্জ সদর থানায় কর্মরত উপপরিদর্শক মাসুদ মুন্সীর ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকার বাসিন্দা।
অভিযোগে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে সাকিবের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে তিনি গর্ভবতী হলে সাকিব তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন এবং পরে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে তিনি গর্ভপাত করতে বাধ্য হন। তবে এরপর থেকে সাকিব বিয়েতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ জমা দেন ওই তরুণী। তিনি জানান, অভিযোগের পক্ষে তার কাছে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ রয়েছে এবং তিনি আইনি প্রতিকার প্রত্যাশা করছেন।
এদিকে অভিযোগ ওঠে, থানায় অভিযোগ দেওয়ার পর অভিযুক্তের বাবা এসআই মাসুদ মুন্সী ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ দায়েরের দুই দিন পরও মামলার অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিযুক্ত হাসিবুর রহমান সাকিব বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পারিবারিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
অন্যদিকে এসআই মাসুদ মুন্সী বলেন, “মেয়েটি আমার ছেলের এক বন্ধুর ছোট বোন। তাদের মধ্যে সম্পর্ক ছিল, বিষয়টি আগে আমার জানা ছিল না। সম্প্রতি বিষয়টি জানতে পেরেছি।”
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জ/দি