
নির্মমভাবে হত্যা শিকার লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের শিশু নন্দিনীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাটের ৩ সংসদ সদস্য। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ও লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান। ত্রাণ মন্ত্রীসহ অপর দুই সংসদ সদস্যই এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে তারা নন্দিনীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং এ হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দেন।
দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার সম্পন্ন করা হবে। এমন নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা নেই। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনীর বাড়িতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সহ অপর দুই সংসদ সদস্য এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনে থেকে আমাদের নির্দেশ দিয়েছেন, নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন, তা করতে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জেলার তিনজন সংসদ সদস্য ও শীর্ষ কর্মকর্তারা এসেছি।
মন্ত্রী বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আমি যতদুর শুনেছি, গ্রেপ্তার করা ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করেছে। কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, তা সম্পন্ন করে চার্জশিট দিয়ে দ্রুত নন্দিনী হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন করা হবে। যারা এতটুকু একটা শিশুকে হত্যা করতে পারে, তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে উদাহরণ হয়ে থাকে, এমন কাজে আর কেউ যুক্ত হতে সাহস না করে।
ত্রাণমন্ত্রী আরও বলেন, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছিলেন। তারা আসামি গ্রেপ্তার করে শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। সেই শান্তিপূর্ণ পরিবেশে কার ইন্ধনে, কার উসকানিতে, কার প্ররোচনায় প্রশাসনকে আক্রমণ করা হলো? এটি আর একটি অপরাধ। আইন হাতে তুলে নিয়েছে তারা। এটাতে কারো উসকানি আছে কি না, সেটিও পুলিশ তদন্ত করে দেখছে। সাধারণ মানুষ, যারা এ ঘটনায় জড়িত নয়, তারা নিশ্চিন্তে বাড়িতে থাকবে। কিন্তু যারা ক্রিমিনাল, যারা প্রশাসনকে আক্রমণ করে মব সৃষ্টি করে, তারা অপরাধী। আমরা বলেছি, যারা এ অপরাধের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করতে হবে।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ও হাসান রাজিব প্রধান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েই আমরা দ্রুত এখানে ছুটে এসেছি, আমরা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি দ্রুত চার্জশিট দিয়ে অপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। একটি শিশুকে এমনভাবে হত্যা কোনোভাবেই আমরাও মেনে নিতে পারছি না। গত মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে সাত বছরের শিশু নন্দিনীর লাশ উদ্ধার করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার বিধান চন্দ্র দায় হত্যার স্বীকার করেছেন।
জ/উ