লালমনিরহাট চেম্বারের সভাপতি নির্বাচিত সেলিম সবুজ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:৪২ পিএম

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম সবুজ। গতকাল শনিবার (১৩ জুন) রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. সেলিম সবুজ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোকছেদুর রহমান পেয়েছেন ২১৫ ভোট। এর আগে সকাল ৯টা থেকে জেলা শহরের চেম্বার ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। তীব্র গরমের মধ্যেও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন প্রাণবন্ত হয়ে ওঠে। মোট ৫৭৬ জন ভোটারের অংশগ্রহণে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে দুইটি সহ-সভাপতি পদ এবং ১৫টি পরিচালক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে কেবল সভাপতি পদেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. সেলিম সবুজ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোটের মাধ্যমে ব্যবসায়ী সমাজ তার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষায় তিনি আন্তরিকভাবে কাজ করবেন। ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে চেম্বারকে আরও কার্যকর ও সক্রিয় প্রতিষ্ঠানে পরিণত করা হবে। পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে চেম্বার ভবন ও আশপাশ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft