সদর হাসপাতালের সংকট তুলে ধরলেন এমপি প্রিয়াংকা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৩১ পিএম

শেরপুর সদর হাসপাতালের জনবল ও সেবাসংকটের বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি বলেছেন, জেলার প্রায় ১৭ লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই হাসপাতাল বর্তমানে নানা সীমাবদ্ধতার মধ্যে সেবা দিয়ে যাচ্ছে।

গতকাল রোববার (৭ জুন) জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

সংসদ সদস্য বলেন, শেরপুরের প্রত্যন্ত ও চরাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা অনেক রোগী হাসপাতালে এসে পর্যাপ্ত শয্যা না পাওয়ায় মেঝে, বারান্দা কিংবা করিডোরে অবস্থান করতে বাধ্য হন। এতে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ বাড়ছে।

তিনি জানান, হাসপাতালের সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সীমিত জনবল নিয়ে চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য কর্মীরা প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এছাড়া অ্যাম্বুলেন্স থাকলেও চালকের সংকট এবং অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতার কথাও তিনি সংসদে তুলে ধরেন।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, করোনাকালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটিতে আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপন করা হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় সেগুলোর পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে গুরুত্বপূর্ণ এসব ইউনিট কার্যকরভাবে পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে।

তিনি হাসপাতালের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

সংসদ সদস্য আরও জানান, ২০১৮ সালের পর থেকে হাসপাতালটিতে স্বাস্থ্য বিভাগের নতুন জনবল নিয়োগ হয়নি। বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় জনবল সংকট আরও প্রকট হয়েছে।

শেরপুর সদর হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করে জনসাধারণের জন্য উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft