গোমানি নদীতে ভেসে উঠল সিংড়ার বৃদ্ধের মরদেহ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৩৯ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালীনগর এলাকায় গোমানি নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তি নাটোরের সিংড়া উপজেলার শান্তনগর গ্রামের মৃত চান্দুলা প্রামাণিকের ছেলে হাবিবুর রহমান (৮০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দুপুরে হাবিবুর রহমান আত্রাই নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে নদীর স্রোতে ভেসে তাঁর মরদেহ গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালীন এলাকায় আজগর হাজির ধানের চাতাল সংলগ্ন গোমানি নদীর ঘাটে এসে পৌঁছে।

বিকেল প্রায় ৪টার দিকে ধানের চাতালের শ্রমিকরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে সেটি তীরে তুলে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরবর্তীতে সিংড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্রাই নদীতে নিখোঁজ হওয়ার পর ভেসে এসে গোমানি নদীতে মরদেহটি পাওয়া যায়। পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft