প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:১৬ পিএম

বাংলাদেশ সফরে এসে সিরিজ শুরুর আগেই স্বাগতিক দলের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস।
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে ইংলিস বলেন, নাহিদ একজন প্রতিভাবান ও সম্ভাবনাময় পেসার, যার গতি ও উচ্চতা ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
তিনি বলেন, “আমি খুব বেশি তার বোলিং দেখিনি। তবে যতটুকু দেখেছি, সে খুবই ভালো বোলার। লম্বা গড়ন ও গতির সমন্বয় তাকে বিশেষ করে তুলেছে। তাকে মোকাবিলা করা সহজ হবে না।”
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে আলোচনায় রয়েছেন নাহিদ রানা। গত মার্চে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ৮ উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ড সিরিজেও সমান সংখ্যক উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জেতেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে সফল সময় কাটানো রিশাদকে নিয়ে অস্ট্রেলিয়ান শিবিরে পর্যাপ্ত তথ্য ও আলোচনা রয়েছে বলে জানান ইংলিস।
তিনি বলেন, “রিশাদ খুব ভালো একজন বোলার। বিগ ব্যাশে খেলার কারণে আমাদের কয়েকজন ক্রিকেটার তাকে কাছ থেকে দেখেছে। কোচিং স্টাফে ম্যাথু ওয়েড এবং নাথান এলিস থাকায় তাকে নিয়ে দলের মধ্যে বিস্তারিত আলোচনা হবে।”
বাংলাদেশের তরুণ পেস আক্রমণ ও স্পিন বিভাগের শক্তিকে সমীহ করেই মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফলে সিরিজে নাহিদ রানা ও রিশাদ হোসেনের পারফরম্যান্স দুই দলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জ/উ